বরের মিষ্টিতে বিষের সন্দেহ, বন্ধ হলো বিয়ে
ছবি: সংগৃহীত
যোগফল প্রতিবেদক:
নেত্রকোনার মোহনগঞ্জে বরের জন্য আলাদা করে আনা মিষ্টিতে বিষ মেশানোর সন্দেহে বিয়ে সম্পন্ন না করেই ফিরে গেছেন বরযাত্রীরা। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের বসন্তিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বর তাওফিকুর রহমান (২৫) সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেরিকান্দা গ্রামের সিদ্দিক আলীর ছেলে। কনে সাদিয়া আক্তার (২০) বসন্তিয়া গ্রামের নিজাম উদ্দিন ওরফে ওলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে কনের বাড়িতে বরযাত্রীদের খাওয়াদাওয়া চলছিল। এ সময় বোরকা পরা এক তরুণী বরের জন্য আলাদা মিষ্টি নিয়ে আসেন। তিনি জানান, মিষ্টিগুলো শুধু বরই খাবেন। মিষ্টি মুখে তুলতেই অস্বাভাবিক গন্ধ পান বর। বিষয়টি স্বজনদের জানালে মিষ্টিতে কীটনাশক মেশানো হয়েছে বলে সন্দেহ তৈরি হয়।
বরপক্ষের লোকজন দাবি করেন, ওই তরুণীর হাতে কৃষিকাজে ব্যবহৃত কীটনাশকের বোতল দেখা গেছে। পরে তরুণী দ্রুত সেখান থেকে চলে যান। তাকে খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কনের পরিবারের লোকজনও ওই তরুণীকে চেনেন না বলে দাবি করেন।
ঘটনার পর আতঙ্কিত বরকে নিয়ে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান স্বজনেরা। প্রাথমিক চিকিৎসা শেষে সন্ধ্যায় বাড়ি ফিরে যান তারা। এ ঘটনার পর বিয়ে বন্ধ হয়ে যায়।
বরের চাচাতো ভাই বজলুর রহমান জানান, বিকেল ৩টার দিকে তারা বরসহ কনের বাড়িতে পৌঁছান। বিয়ে পড়ানোর জন্য কাজিও উপস্থিত ছিলেন। খাওয়াদাওয়ার সময় বরের পাশে বসে থাকা অবস্থায় ওই তরুণী মিষ্টি নিয়ে আসেন। বর মিষ্টি মুখে তুলতেই তাতে বিষের মতো গন্ধ পান। পরে তরুণীর হাতে কীটনাশকের বোতল দেখতে পান বলে দাবি করেন তিনি।
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শহীদুল ইসলাম জানান, বিকেল ৪টার দিকে তাওফিকুর রহমান হাসপাতালে আসেন। স্বজনদের ভাষ্য অনুযায়ী, তাকে বিষ মেশানো মিষ্টি দেওয়া হলেও তিনি তা খাননি। তাই শরীরে বিষক্রিয়ার কোনো লক্ষণ পাওয়া যায়নি। তবে তিনি ভীত ও মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলাম বলেন, বরপক্ষ মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ তুলেছে। তবে সত্যিই মিষ্টিতে বিষ ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পেছনে অন্য কোনো কারণও থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি।
বড়তলী-বানিয়াহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহাগ তালুকদার জানান, বরের মিষ্টিতে বিষ দেওয়ার বিষয়টি তিনি শুনেছেন। স্থানীয় এক গ্রাম পুলিশ তাকে জানিয়েছেন, বর পছন্দ না হওয়ায় কনে এক তরুণীকে দিয়ে মিষ্টিতে বিষ মিশিয়ে বিয়ে ভাঙার চেষ্টা করেছেন। তবে এ অভিযোগের সত্যতা তিনি নিশ্চিত করতে পারেননি।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে মিষ্টিতে আদৌ কীটনাশক মেশানো হয়েছিল কি না, তা পরীক্ষা ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়। কনের বিরুদ্ধে ওঠা অভিযোগেরও কোনো সত্যতা এখনো নিশ্চিত হয়নি। দুই পরিবারের আলোচনার ভিত্তিতে বিয়ের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন